নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে ককটেল নিক্ষেপ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে রাজধানীর কুর্মিটোলায় পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে মো. এনামুল নামে পুলিশের এক কনস্টেবল (গাড়িচালক) আহত হয়েছেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ হামলা চালানো হয়।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মোটরসাইকেল মিছিল থেকে ককটেল নিক্ষেপ করা হয়। আর্মি গলফ ক্লাবের সামনে থাকা একটি টহল গাড়িকে লক্ষ করে এ ককটেল নিক্ষেপ করা হয়। এতে গাড়িতে থাকা চালক পুলিশ সদস্য আহত হয়েছেন।

তিনি আরও বলেন, এই ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিষয় যাচাই-বাছাই চলছে। আহত পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি আছেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত মোটরসাইকেল আরোহীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে তারা ক্যান্টনমেন্ট থানা পুলিশের ‘গলফ ক্লাব-৮৩’ টিউটিরত টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। এতে বিস্ফোরণ ঘটলে গাড়ির চালক কনস্টেবল মো. এনামুলের বাম চোখে সামান্য আঘাত লাগে।

পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে তাকে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়।বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদের নির্দেশে এই ঝটিকা মিছিলটি বের করা হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মুখে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যান।

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে ককটেল নিক্ষেপ আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি ফের উত্তপ্ত আশুলিয়া, মিছিল নিয়ে সড়কে শ্রমিকরা ঢাকাসহ আশপাশের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন মিরপুরে শ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, পুলিশের উপস্থিতিতে ছত্রভঙ্গ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: পরাজয়ে ধরাশায়ী ট্রাম্প শিবির হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পোশাক শিল্পে যা ঘটছে, তা কোনো স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয় ১১ ডিসেম্বর ৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে ককটেল নিক্ষেপ আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি ফের উত্তপ্ত আশুলিয়া, মিছিল নিয়ে সড়কে শ্রমিকরা ঢাকাসহ আশপাশের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন মিরপুরে শ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, পুলিশের উপস্থিতিতে ছত্রভঙ্গ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: পরাজয়ে ধরাশায়ী ট্রাম্প শিবির হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু পোশাক শিল্পে যা ঘটছে, তা কোনো স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয় ১১ ডিসেম্বর ৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা