খেজুর, অরেঞ্জ (মাল্টা) ও আপেল আমদানিতে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে শুল্ক কমিয়েছে সরকার।
রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে শুল্ক কমানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রস্তাবটি উত্থাপন করে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুর আমদানির ক্ষেত্রে ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত বিদ্যমান কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি মেয়াদে এইচএস কোড ০৮০৫১০৯০ ভুক্ত অরেঞ্জ (মাল্টা) ও এইচএস কোড ০৮০৮১০৯০ ভুক্ত আপেল আমদানিতে বিদ্যমান মোট করভার ১২১.৭৮ শতাংশের পরিবর্তে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।