জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) স্বাস্থ্য বিভাগ পরিচালিত ‘Pathways to Healing’ (P2H) প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী ‘বেসিক ফার্স্ট এইড অ্যান্ড সাইকোলজিক্যাল ফার্স্ট এইড’ বিষয়ক প্রশিক্ষণের সফল সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন জবি উপাচার্য ও রেড ক্রিসেন্ট ইয়ুথ (জবি)-এর সভাপতি অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. রইছ উদ্দীন বলেন, “সৃষ্টিকর্তা মানুষকে ‘সৃষ্টির সেরা জীব’ হিসেবে যে মর্যাদা দিয়েছেন, তা ধরে রাখতে মানবিক কাজের বিকল্প নেই। রেড ক্রিসেন্টের সাথে যুক্ত স্বেচ্ছাসেবকেরা প্রতিনিয়ত সেবামূলক কর্মের মাধ্যমে এই শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে যাচ্ছেন। যেকোনো আপৎকালীন সময়ে মানুষের জীবন রক্ষা ও জরুরি সহায়তায় তাদের ভূমিকা অনন্য।”
শিক্ষার্থীদের দায়িত্ববোধ ও আত্মমর্যাদার প্রতি জোর দিয়ে তিনি আরও যোগ করেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজস্ব সম্মান রক্ষার পাশাপাশি দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তুলতে হবে। এই প্রাথমিক প্রশিক্ষণ পরবর্তীতে উচ্চতর দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করবে, যা শিক্ষার্থীদের যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে প্রস্তুত করবে।”
এ সময় তিনি রেড ক্রিসেন্ট ইয়ুথ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটকে দ্রুত সময়ের মধ্যে অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মতো নিবন্ধনের আওতায় এনে কার্যক্রমকে আরও বিস্তৃত করার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিডিআরসিএস-এর স্বাস্থ্য বিভাগের প্রজেক্ট ম্যানেজার ড. মোঃ ফারহান সাদিক খান এবং ইউথ অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের হেল্থ রিপ্রেজেন্টেটিভ মেহেদী হাসান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা ও মডারেশন করেন জবি রেড ক্রিসেন্ট ইয়ুথের টিচার ইন-চার্জ ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মাহ্মুদুল হাসান ফৈজী।
উল্লেখ্য, তিন দিনব্যাপী এই নিবিড় কর্মশালায় অংশগ্রহণকারী জবি শিক্ষার্থীদের জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান এবং মানসিক সংকট মোকাবিলায় তাৎক্ষণিক সহায়তা (Psychological First Aid) দেওয়ার বিষয়ে বাস্তবসম্মত কলাকৌশল শেখানো হয়।