ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়াল সম্প্রতি একটি ফুটফুটে পুত্র সন্তানের পিতা হয়েছেন। প্রথমবার বাবা হওয়ার আনন্দ এবং সহশিল্পী ও ভক্তদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন দুই শতাধিক গানের মালিক এই সংগীতশিল্পী।
চলতি বছরের গণেশ চতুর্থীর শুভতিথিতে, অর্থাৎ গত ১৪ সেপ্টেম্বর তার ঘর আলো করে এসেছে এই নতুন অতিথি। জীবনের এই বিশেষ মুহূর্তের খবরটি নিশ্চিত করে জুবিন জানিয়েছেন যে, তার নবজাতক সন্তান ও স্ত্রী দুজনেই এখন সম্পূর্ণ সুস্থ আছেন এবং তারা বাড়ি ফিরে এসেছেন।
মুম্বাই টাইমসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবেগে আপ্লুত জুবিন নটিয়াল বলেন, হ্যাঁ, আমি এখন একজন বাবা! গত ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর অত্যন্ত পবিত্র ও শুভ দিনে আমাদের কোলজুড়ে এসেছে আমাদের পুত্রসন্তান। মা ও শিশু দুজনেই সুস্থভাবে ঘরে ফিরে এসেছে এবং তারা খুব ভালো আছে।
সদ্যোজাত সন্তানের নাম রাখা হয়েছে কি না জানতে চাওয়া হলে তিনি হেসে যোগ করেন, আমরা আমাদের ছোট্ট ছেলেটির জন্য এখনো কোনো নাম ঠিক করিনি। আপাতত তার সঙ্গে কাটানো প্রতিটি সুন্দর মুহূর্ত উপভোগ করছি ও স্মৃতির পাতায় ধরে রাখছি।
পিতৃত্বের এই নতুন দায়িত্ব পালন করতে গিয়ে নিজের কাজের ব্যস্ততা ও পেশাগত সফরের কথা উল্লেখ করে শিল্পী আরও জানান যে, এখন কাজের সূত্রে বাইরে যাওয়াটা তার জন্য বেশ কঠিন হতে চলেছে। বর্তমানে তিনি প্রতিটি মুহূর্ত তার সন্তানের সঙ্গেই কাটাচ্ছেন এবং এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয় বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, জুবিন নটিয়াল চলতি বছরের এপ্রিল মাসেই অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তার শৈশবের ভালোবাসার মানুষকে বিয়ে করেন। তবে নিজের ব্যক্তিগত জীবনকে সব সময় লোকচক্ষুর অন্তরালে রাখতে পছন্দ করা এই গায়ক এখনো পর্যন্ত তার স্ত্রীর পরিচয় বা নাম জনসমক্ষে প্রকাশ করেননি।
উত্তরাখণ্ডের দেরাদুন থেকে উঠে আসা জুবিন নটিয়াল বর্তমান ভারতীয় সংগীতজগতের অন্যতম সফল ও জনপ্রিয় এক নাম। ২০১১ সালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘এক্স ফ্যাক্টর ইন্ডিয়া’-তে অংশগ্রহণের মাধ্যমে তিনি তার সংগীতজীবনের যাত্রা শুরু করেছিলেন।
এরপর ২০১৪ সালে ‘সোনালি কেবল’ চলচ্চিত্রের ‘এক মুলাকাত’ গানের মাধ্যমে বলিউডে তার প্রথম অভিষেক ঘটে। পরবর্তীতে ‘দ্য শওকিন্স’ ছবির ‘মেহেরবানি’ গানটি তাকে নতুন করে পরিচয় করিয়ে দেয়।
জুবিনের ক্যারিয়ারে বড় ধরনের টার্নিং পয়েন্ট বা মাইলফলক আসে সালমান খানের ব্লকবাস্টার ছবি ‘বজরঙ্গী ভাইজান’-এর ‘জিন্দেগি কুছ তো বাতা’ এবং হৃতিক রোশনের ‘কাবিল’ ছবির ‘কাবিল হু’ গান দুটির মাধ্যমে। পরবর্তীতে তার কণ্ঠে ‘তুমি হি আনা’, ‘লুট গায়ে’, ‘হামনভা মেরে’, ‘তারোঁ কে শহর’, ‘রাতাঁ লাম্বিয়াঁ’ এবং ‘মেরি জিন্দেগি হ্যায় তু’-এর মতো অসংখ্য জনপ্রিয় গান তরুণ হৃদয়ে রাজত্ব করেছে।
সূত্র: নিউজ১৮