রয়টার্সের প্রতিবেদন

দেশে ফিরতে অনড় মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনা, রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা

আগামী ডিসেম্বরে ভারত থেকে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে রাজনৈতিক উত্তেজনা ও নানা প্রশ্ন তৈরি হয়েছে। তবে তার নতুন পাসপোর্টের আবেদন দ্রুত প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার।

২০২৪ সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে চলে যান শেখ হাসিনা। তার দীর্ঘ শাসনামলে বিরোধী মত দমন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করার অভিযোগ ওঠে।

২০২৪ সালের আন্দোলনে বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের একটি আদালত হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। জাতিসংঘের হিসাবে, ওই দমন-পীড়নে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিলেন।

হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফলে চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দলটি অংশ নিতে পারেনি। নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

নতুন পাসপোর্ট কেন প্রয়োজন?

হাসিনা ভারতে যাওয়ার কয়েক মাস পর অন্তর্বর্তী সরকার তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করে।

নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাসে নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য আবেদন করেন তার আইনজীবীরা। আবেদনে দ্রুত নথি দেওয়ার অনুরোধ জানানো হয়। এতে তার বাংলাদেশের নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক চুক্তির বাধ্যবাধকতার কথা উল্লেখ করা হয়।

তবে বাংলাদেশ সরকার জানিয়ে দিয়েছে, তারা ‘কোনো সন্ত্রাসীকে’ পাসপোর্ট দেয় না। একই সঙ্গে ভারতের কাছে শেখ হাসিনাকে হস্তান্তরের আহ্বান জানিয়েছে ঢাকা। এক্ষেত্রে দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তির কথা উল্লেখ করা হয়েছে।

পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রশ্ন তুলেছেন, হাসিনাকে কি সাধারণ কোনো ভ্রমণকারীর মতো বিবেচনা করে দেশে আসার আমন্ত্রণ জানানো হবে?

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। তবে গত এপ্রিলে তারা জানিয়েছিল, বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধটি পর্যালোচনা করা হচ্ছে। নতুন সরকারের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হাসিনার দেশে ফেরা যেন বড় কোনো রাজনৈতিক ইস্যুতে পরিণত না হয়, তা চায় বাংলাদেশ সরকার। কারণ, এমন পরিস্থিতি তার সমর্থকদের নতুন করে সংগঠিত করতে পারে।

এরপর কী হতে পারে?

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দাবি, প্রয়োজনীয় নথি থাকুক বা না থাকুক, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন। তবে পাসপোর্ট না পেলে কীভাবে ফিরবেন, সে বিষয়ে হাসিনা বা তার দল কিছু জানায়নি।

বাংলাদেশ ও ভারতের দীর্ঘ সীমান্তের কিছু অংশ অরক্ষিত থাকায় নিয়মিত অবৈধভাবে সীমান্ত পারাপারের ঘটনা ঘটে। তবে হাসিনার দেশে ফেরার বিষয়ে তার সহযোগীরা জানিয়েছেন, শিগগির তিনি বিস্তারিত পরিকল্পনা জানাবেন।

গত জুলাইয়ে রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে হাসিনা বলেছিলেন, দেশে ফিরলে কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করতে পারে, এমনকি তাকে হত্যা করা হতে পারে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক বাংলাদেশ হাসিনার ক্ষমতাচ্যুতির পর সৃষ্ট রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে।

চলতি বছরের নির্বাচনের পর রাজনৈতিক স্থিতিশীলতা কিছুটা বাড়লেও দেশে উত্তেজনা এখনো বেশি। এর মধ্যে মধ্যপ্রাচ্যের সংঘাত জীবনযাত্রার ব্যয় বাড়িয়েছে। পাশাপাশি জ্বালানি ও বিদ্যুতের তীব্র সংকটও তৈরি হয়েছে।

১৭ কোটি ৫০ লাখের বেশি মানুষের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশে শেখ হাসিনা এখনো অত্যন্ত বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তার দেশে ফেরা একদিকে সমর্থকদের নতুন করে সংগঠিত করতে পারে, অন্যদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রীকে কীভাবে মোকাবিলা করা হবে, সেই কঠিন প্রশ্নের মুখে পড়বে সরকার।

সূত্র: রয়টার্স

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
বোমাবাজি-অগ্নিসন্ত্রাসে হাসিনার দেশে ফেরার পথ তৈরি হবে না: মঞ্জু আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি জলবায়ু সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী দেশে ফিরতে অনড় মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনা, রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু গাজীপুরে শ্রমিক অসন্তোষের শঙ্কায় ১২ কারখানায় ছুটি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৫ হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী বোমাবাজি-অগ্নিসন্ত্রাসে হাসিনার দেশে ফেরার পথ তৈরি হবে না: মঞ্জু আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি জলবায়ু সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী দেশে ফিরতে অনড় মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনা, রাজনৈতিক উত্তেজনার আশঙ্কা ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু গাজীপুরে শ্রমিক অসন্তোষের শঙ্কায় ১২ কারখানায় ছুটি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৫ হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী