হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৬৪ শিশুর শরীরে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হলো মোট ৯৮৬ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ১০১ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ৮৭ শিশু মৃত্যুবরণ করেছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৮৪ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৮০। এই সময়ে ৯০৭ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭৬৯ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ৮১৩, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৯৯।
এদের মধ্যে হাসপাতালে ভর্তি হয় ১ লাখ ৬৫ হাজার ১৫৫ রোগী, তাদের মধ্যে ১ লাখ ৫৮ হাজার ৫৭৬ জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।