ট্রাফিক পুলিশের চেকপোস্টে রাজধানীর গুলশানের প্রগতি সরণিতে ১৪৪ বোতল বাংলা মদসহ এক সিএনজিচালিত অটোরিকশার চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, চেকপোস্টে থামার সংকেত দিলে অটোরিকশায় থাকা আরেক ব্যক্তি কৌশলে পালিয়ে যান।
গ্রেপ্তার সিএনজি অটোরিকশা চালকের নাম মো. শফিকুল ইসলাম (৪৭)। তিনি কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাসিন্দা।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ট্রাফিক-গুলশান বিভাগের বাড্ডা জোনের চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
ট্রাফিক পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মদ ও গ্রেপ্তার চালকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন বলেন, ট্রাফিক পুলিশের নিয়মিত চেকপোস্টে সন্দেহজনক একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে ১৪৪ বোতল বাংলা মদ উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী ট্রাফিক পুলিশ জব্দ তালিকা করতে পারে না। তাই থানা পুলিশের পক্ষ থেকে জব্দ তালিকা করা হয়েছে।
এ ঘটনায় গুলশনার থানার উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় সিএনজি চালক শফিকুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বাড্ডা জোনের ট্রাফিক ইনেসপেক্টর (টিআই) দেলোয়ার হোসেন জানান, গুলশানের প্রগতি সরণিতে চেকপোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় অটোরিকশায় থাকা এক ব্যক্তি দ্রুত পালিয়ে যান। পরে সন্দেহ হলে অটোরিকশাটি তল্লাশি করে তিনটি বস্তায় মোড়ানো অবস্থায় ১৪৪ বোতল বাংলা মদ উদ্ধার করা হয়। এ সময় অটোরিকশার চালককে গ্রেপ্তার করা হয়।