গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরে মোট মৃতের সংখ্যা পাঁচশো ছাড়িয়ে দাঁড়াল ৫০২ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৮ জন। এনিয়ে চলতি বছরে মোট হাসপাতালে ভর্তির সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ১০৭ জনে দাঁড়াল।
সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গতকাল রবিবার ডেঙ্গুতে ৮ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদফতর। ওইদিন হাসপাতালে ভর্তির সংখ্যা ছিল ১ হাজার ৯৫২ জন।
প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মোট নিহত হন ৪১৩ জন।