জিয়াউলকে ট্রাইব্যুনাল

‘মরণকে ভয় করেন না, তাহলে নিরাপত্তা নিয়ে শঙ্কিত কেন?’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ট্রাইব্যুনালের এজলাসে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে প্রশ্ন করেন ‘আপনার কথা কাগজপত্রে যতটুকু দেখেছি, তাতে তো মনে হয়, আপনি মরণকে ভয় করেন না। তাহলে আপনি কেন নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত?’

জবাবে জিয়াউল আহসান বলেন, ‘আমি মরণকে ভয় পাই না।’ পরে ট্রাইব্যুনাল তাকে আল্লাহর ওপর ভরসা রাখার পরামর্শ দেন। একই সঙ্গে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে তাকে হাজির করার নির্দেশ দেন। জিয়াউল জানান, সশরীরে কিংবা ভার্চুয়ালি—যেভাবেই শুনানিতে অংশ নিতে বলা হোক, তাতে তার আপত্তি নেই।

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন গত ১২ নভেম্বর নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জিয়াউল আহসান।

কারাগার থেকে অন্য আসামিদের সঙ্গে না এনে আলাদা প্রিজন ভ্যানে একা করে ট্রাইব্যুনালে আনার বিষয়ে আপত্তি জানান তিনি। তার আইনজীবী ও বোন সুপ্রিম কোর্টের আইনজীবী নাজনীন নাহারও ভাইয়ের প্রাণনাশের আশঙ্কার কথা আদালতকে জানান। তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতেই জিয়াউলকে ওই প্রশ্ন করেন বিচারপতি।

শুধু এই কথোপকথনই নয়, ১২ নভেম্বর শাপলা চত্বর মামলার শুনানির দিন ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের হাজিরা, হাতকড়া পরতে আপত্তি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ, প্রসিকিউশন ও আসামিপক্ষের পাল্টাপাল্টি বক্তব্য এবং আদালতকক্ষে তার বিভিন্ন মন্তব্য ঘিরে তৈরি হয় নানা পরিস্থিতি।

এর আগে, ১২ নভেম্বর দুপুরে কড়া নিরাপত্তায় কারাগার থেকে জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। দুপুর দেড়টার দিকে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য তার হাতে হাতকড়া পরাতে গেলে তিনি আপত্তি জানান। এ নিয়ে পুলিশের সঙ্গে কিছুক্ষণ কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতকড়া ছাড়াই তাকে নামানো হয়।

এ সময় জিয়াউলকে বলতে শোনা যায়, ‘তুমি চেষ্টা করলেও কিন্তু আমি তো এগুলো পড়ব না।’ তার বোন নাজনীন নাহারও তাকে উত্তেজিত না হয়ে শান্ত থাকার পরামর্শ দেন।

পরে তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। দুপুর ২টার দিকে এজলাসে তোলা হয়। এ সময় তাকে ঘিরে দায়িত্ব পালন করেন প্রায় ২০ জন পুলিশ সদস্য।

এজলাসে নেওয়ার পথে জিয়াউল আহসানকে বলতে শোনা যায়, ‘জয় আমাদের হবেই, কেউ ঠেকাতে পারবে না। আইনে কিছুই প্রমাণ করতে পারে না, কোর্টে বসে শুধু বকবক বকবক করে।’

জিয়াউল আহসানকে কারাগার থেকে আনতে দেরি হওয়ায় নির্ধারিত সময়ে শুনানি শুরু করা যায়নি বলে অভিযোগ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

সাংবাদিকদের তিনি জানান, সকালে শুনানি শুরুর প্রস্তুতি থাকলেও জিয়াউলকে আনতে বিলম্ব হওয়ায় দুপুর ২টার দিকে কার্যক্রম শুরু করতে হয়। তিনি আরও জানান, জিয়াউল কারাগার থেকে আদালতে আসতে অস্বীকৃতি জানান এবং কারা কর্তৃপক্ষের সঙ্গে দুর্ব্যবহার করেন। অন্য আসামিদের সঙ্গে একই প্রিজন ভ্যানে আসার দাবি তুলে সময়ক্ষেপণ করেন।

তবে জিয়াউলের আইনজীবী ও বোন নাজনীন নাহার কারা কর্তৃপক্ষের সঙ্গে তার দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করেন।

রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হওয়ার পর জিয়াউল আহসানকে সশরীরে হাজির করা হবে, নাকি কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত করা হবে—এ নিয়ে তার আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, নাজনীন নাহার ও চিফ প্রসিকিউটরের মধ্যে প্রায় আধাঘণ্টা শুনানি হয়।

জিয়াউলের বোন নাজনীন নাহার আদালতকে বলেন, গত ১৬ সেপ্টেম্বর থেকে তার ভাইকে অন্য আসামিদের সঙ্গে না এনে আলাদা প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হচ্ছে। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। একা আনার পথে বোমা হামলা বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার প্রাণহানির আশঙ্কাও রয়েছে।

জবাবে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, জিয়াউল আহসানের সঙ্গে অন্য আসামিদের আনার বিষয়ে আপত্তি রয়েছে। তবে এ কথা শুনে এজলাসে উপস্থিত কয়েকজন আসামি বলে ওঠেন, ‘কে বলেছে? কে বলেছে এই কথা? আমাদের কোনো আপত্তি নেই।’

চিফ প্রসিকিউটর আরও বলেন, আসামিদের কীভাবে ট্রাইব্যুনালে আনা হবে, সেটি কারা কর্তৃপক্ষের এখতিয়ার।

এ পর্যায়ে আদালতের অনুমতি ছাড়াই দাঁড়িয়ে জিয়াউল আহসান বলেন, আসামিদের আনা-নেওয়ার দায়িত্ব পুলিশের। পুলিশ সরকারের তথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে।

তখন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী তাকে সামনে এসে কথা বলার সুযোগ দেন। তবে সতর্ক করে বলেন, আদালতের অনুমতি ছাড়া কথা বলা যাবে না। আদালত যা জানতে চাইবেন, শুধু সেটির উত্তর দিতে হবে।

এরপর জিয়াউলকে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ জানতে চান বিচারপতি।

জবাবে জিয়াউল বলেন, তাকে আলাদাভাবে ট্রাইব্যুনালে আনা হলে পথে কোনো দুর্ঘটনা ঘটলে সরকার তার ওপরই দায় চাপাতে পারে। অনেক সময় আসামি পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটে। এ কারণে তিনি শঙ্কিত। ট্রাইব্যুনাল-১-এ নিজের বিরুদ্ধে চলমান অন্য মামলায় তিনি ৫৪ বার আদালতে এসেছেন বলেও জানান। আদালতে আসতে তার কোনো আপত্তি নেই, তবে আলাদাভাবে আনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।

এ সময় বিচারপতি তার উদ্দেশে সেই আলোচিত প্রশ্নটি করেন, ‘আপনার কথা কাগজপত্রে যতটুকু দেখেছি, তাতে তো মনে হয়, আপনি মরণকে ভয় করেন না। তাহলে আপনি কেন নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত?’

জবাবে জিয়াউল বলেন, ‘আমি মরণকে ভয় পাই না।’

পরে বিচারপতি তাকে আল্লাহর ওপর ভরসা রাখার পরামর্শ দেন। জিয়াউলও জানান, সশরীরে কিংবা ভার্চুয়ালি যেভাবেই তাকে হাজির করা হোক, তার আপত্তি নেই। আদালত যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে তাকে হাজির করার নির্দেশ দেন।

সূত্র: জাগো নিউজ

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে একজনের মৃত্যু হার্টের সমস্যা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে চার সাংবাদিক চাঁদাবাজির অভিযোগে সাবেক ছাত্রদল নেতা সজীব গ্রেপ্তার গোপালগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, বাসে আগুন ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, অতঃপর ছাত্রদল নেতা বহিষ্কার দেশে হাম উপসর্গে ১২০১ শিশুর প্রাণহানি ‘মরণকে ভয় করেন না, তাহলে নিরাপত্তা নিয়ে শঙ্কিত কেন?’ বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা, বাড়তে পারে শীত পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে একজনের মৃত্যু হার্টের সমস্যা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে চার সাংবাদিক চাঁদাবাজির অভিযোগে সাবেক ছাত্রদল নেতা সজীব গ্রেপ্তার গোপালগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, বাসে আগুন ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, অতঃপর ছাত্রদল নেতা বহিষ্কার দেশে হাম উপসর্গে ১২০১ শিশুর প্রাণহানি ‘মরণকে ভয় করেন না, তাহলে নিরাপত্তা নিয়ে শঙ্কিত কেন?’ বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা, বাড়তে পারে শীত