গভীর রাতে শৌচাগারের ভ্যান্টিলেটরের ফাঁক দিয়ে নারীর ভিডিও ধারণ চেষ্টার অভিযোগে বরিশালের উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়েজিদ মিঠুকে (৩৫) গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
শনিবার (৮ নভেম্বর) রাতে উপজেলার পৌর সদরের নির্বাচন অফিস লাগোয়া একটি বাড়িতে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওটিতে দেখা যায়, অভিযুক্ত সেচ্ছাসেবকদল নেতা বাইজিদ মিঠুকে একটি খুঁটির সাথে বেঁধে স্থানীয়রা চারপাশ দিয়ে ঘিরে মারধর করছেন। আর অভিযুক্ত বাইজিদ তাদের কাছে বারবার ক্ষমা চাইছেন।
অন্য একটি ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত বাইজিদ যে নারীর ভিডিও ধারনের চেষ্টা করেছিলো ওই নারী জুতা দিয়ে তাকে মারছেন। সেই সাথে স্থানীয়রাও মারধর করছেন। স্থানীয়দের মারধরের পরে সেচ্ছাসেবকদল নেতা বাইজিদ মিঠু রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে রাস্তায় পড়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌর সদরের উপজেলা নির্বাচন অফিসের পেছনে আলাউদ্দিন হাওলাদারের বাড়িতে শৌচাগারের ভ্যান্টিলেটরের ফাঁক দিয়ে এক নারীর ভিডিও ধারণের চেষ্টা করেন। এ সময় বিষয়টি ওই নারীর নজরে এলে তিনি চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে বাইজিদকে আটক করেন।
ঘটনাস্থলে উপস্থিত এমন কয়েকজন জানিয়েছেন, অভিযুক্ত বাইজিদ মিঠুর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক নারীর গোপন ভিডিও সংরক্ষিত রয়েছে। এরপরই স্থানীয়রা আরও বেশি ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করেন। পরবর্তীতে খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহতবস্থায় বাইজিদকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, খবর পেয়ে অভিযুক্ত সেচ্ছাসেবকদল নেতাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।