জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় পড়া শুরু করেছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আদালতে এ রায় ঘোষণা শুরু হয়।
রায় পাঠের শুরুতেই মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম সহিংসতা এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গাদের ওপর হামলার তথ্য তুলে ধরেন আদালত।
আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি আদালতের পর্যবেক্ষণগুলো পড়ে শোনানো শুরু করেন। তিনি জানান, ‘প্রমাণ থেকে এটি প্রতিষ্ঠিত হয় যে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নির্বিচারে হত্যাকাণ্ড,’ যৌন সহিংসতা এবং অন্যান্য নৃশংসতায় লিপ্ত ছিল। তিনি আরও বলেন, প্রমাণ থেকে দেখা যায় যে, রোহিঙ্গা গ্রামগুলোকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আদালত জানিয়েছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক মানুষকে হত্যা করেছে। তারা ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম সহিংসতা করেছে ও বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করা রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে।
তবে রায় পাঠের প্রক্রিয়া এখনো চলমান। গণহত্যার অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত আইনি সিদ্ধান্ত ও মামলার অন্যান্য নির্দেশনা রায়ে কীভাবে উঠে আসে, তা জানার জন্য পুরো রায় ঘোষণা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।