ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সংবাদ সংস্থা এপি জানায়, মধ্য পেরুর আন্দিজ পর্বতাঞ্চলে শুক্রবার ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল আন্দিজ পর্বতাঞ্চলে জুনিন শহরের ৩৪ কিলোমিটার (২১ মাইল) উত্তরে। ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠের ১০৮ কিলোমিটার (৬৭ মাইল) গভীরে।
পেরুর ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউট জানিয়েছে, ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। উৎপত্তিস্থলের কাছাকাছি কারুয়ামায়ো শহরের মেয়র আবদেল ভেগাও স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, সেখানে কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর নেই।
ভূমিকম্পটি পেরুর রাজধানীতেও অনুভূত হয়েছে। এ সময় আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
পেরু প্রশান্ত মহাসাগরীয় অববাহিকার চারপাশে বিস্তৃত প্রায় ৪০ হাজার কিলোমিটার (২৫ হাজার মাইল) দীর্ঘ আগ্নেয়গিরি ও ভূ-চ্যুতি রেখার বলয় ‘রিং অব ফায়ার’-এর মধ্যে অবস্থিত। বিশ্বের অধিকাংশ ভূমিকম্প এই অঞ্চলে সংঘটিত হয়।
এর আগে গত আগস্টে পেরুর আন্দিজ অঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্পে দুজন আহত হন। এতে বেশ কয়েকটি বাড়ি, স্বাস্থ্যকেন্দ্র ও স্কুল ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে, গত জুলাইয়ে জুনিন অঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে ছয়জন নিহত এবং ৩০ জন আহত হন।