জ্বালানিবাহী লরি উল্টে মিশরের রাজধানী কায়রোর উপকণ্ঠেভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ঘটনাস্থলেই অন্তত ৩১ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। সেই সঙ্গে ব্যক্তিগত গাড়ি, মিনিবাস ও ট্যাক্সিসহ অন্তত ২১টি যানবাহন পুড়ে গেছে।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানী কায়রোর উপকণ্ঠে গিজা প্রদেশের আল-ওয়াররাক এলাকায় রিং রোডে এ দুর্ঘটনা ঘটে। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পেট্রোলিয়ামজাত পণ্যবাহী লরিটিতে আগুন লাগার পর তা দ্রুত আশপাশের গাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
মর্মান্তিক এ দুর্ঘটনায় হতাহতের পাশাপাশি বিপুলসংখ্যক যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ায় কায়রোর গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগেও বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়। দুর্ঘটনার কারণ ও সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলছে।
মিশরীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইমবাবা এলাকার ওয়াররাক মহল্লায় টেনথ টানেলের ওপরের অংশে আগুন লাগার খবর পেয়ে গিজা প্রদেশের জরুরি নিয়ন্ত্রণকক্ষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তারা দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং আশপাশের অন্যান্য যানবাহনে তা ছড়িয়ে পড়া ঠেকান।
দুর্ঘটনার পর মিশরের স্বাস্থ্য ও জনসংখ্যামন্ত্রী খালেদ আবদেল গাফফার ঘটনাস্থলের আশপাশের হাসপাতালগুলোকে জরুরি চিকিৎসাসেবার প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দেন। উদ্ধার ও আহতদের হাসপাতালে নেওয়ার কাজে কয়েক ডজন অ্যাম্বুলেন্স অংশ নেয়। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় অব্যাহত রেখেছে।
এদিকে, ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে রিং রোডের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও যানজট কমাতে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে দুর্ঘটনাকবলিত সড়ক বন্ধ করে বিকল্প পথে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়।
এ ঘটনায় মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে জরুরি তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন।