ভারী বৃষ্টি ও ঝড়ে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে ভারত ও নেপালে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভারতে ৫৬ জন এবং নেপালে ১৪ জন মারা গেছেন। নেপালে আরও ১১ জন নিখোঁজ রয়েছেন। দেশটির ৪৯ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
রবিবার ভারত ও নেপালের বিভিন্ন এলাকায় নদীর পানি বাড়তে থাকায় নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালানোর পাশাপাশি পানিবন্দী এলাকায় ত্রাণ বিতরণ করছে।
বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬ জনের মৃত্যুর পাশাপাশি ৪৬ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজারের বেশি ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত ফসলের পরিমাণ নিরূপণ এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
নেপালের কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির ৭৭ জেলার মধ্যে ৪৯টিতে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। প্রধান নদী ও শাখা নদীগুলোর পানি বাড়তে থাকায় অর্ধেকের বেশি জেলা বন্যা বা আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকিতে রয়েছে।
নেপালের যোগাযোগমন্ত্রী বিক্রম তিমিলসিনা জানিয়েছেন, দেশটির বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধসে টেলিযোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে। অপটিক্যাল ফাইবার ও বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।
ভারতে কেন্দ্রীয় পানি কমিশন জানিয়েছে, সাতটি রাজ্যের ৩০টি নদী পর্যবেক্ষণ কেন্দ্রে পরিস্থিতি গুরুতর হিসেবে দেখা গেছে। গঙ্গা, গণ্ডক, কোসি, বাগমতী ও নর্মদাসহ কয়েকটি প্রধান নদীর পানি বিপৎসীমার ওপরে রয়েছে।