টানা বৃষ্টিতে পানির নিচে চট্টগ্রাম, সীমাহীন দুর্ভোগ

টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল পানিতে তলিয়ে গেছে। অনেক স্থানে মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচলও বন্ধ হয়ে গেছে। গুরুত্বপূর্ণ অনেক স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে।

গতকাল দিনভর বৃষ্টির অবস্থা অপরিবর্তিত ছিল। কখনো থেমে থেমে, কখনো মুষলধারে। ফলে নগরের কোথাও হাঁটুপানি, কোথাও কোমরপানি জমে গেছে। অবর্ণনীয় ভোগান্তিতে পড়েছে মানুষ। জলাবদ্ধতায় জনজীবনে মানবিক বিপর্যয় ঘটেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পৌরসভা ও বেশ কয়েকটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। ডলু ও সাঙ্গু নদ এবং হাঙ্গর খালের পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় শত শত বসতবাড়ি, গ্রামীণ সড়ক ও নিচু এলাকা প্লাবিত হয়েছে। কোথাও তীব্র পানির স্রোতে সড়ক ভেঙে গেছে, আবার কোথাও দেখা দিয়েছে নদীভাঙনের আশঙ্কা। এতে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দারা।

গতকালের বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও, হালিশহর, পাঁচলাইশ, কাতালগঞ্জ, মুরাদপুর, মেহেদীবাগ, পতেঙ্গা, কুয়াইশ, আকমল আলী সড়ক, হাজীপাড়া, লালদীঘির পার, সিঅ্যান্ডবি মোড়, পলিটেকনিক মোড়, গোলপাহাড়, কাজিরহাটসহ বেশির ভাগ এলাকা তলিয়ে গেছে। এসব এলাকার অনেক দোকানেই পানি ঢুকেছে। নষ্ট হয়ে গেছে পণ্য। পাঁচলাইশ নাজিরপাড়ার বাসিন্দা শিক্ষার্থী জাহিদুল হক বলেন, ‘আমরা নিচতলায় ভাড়া বাসায় থাকি, যা মঙ্গলবার সকালেই পানিতে তলিয়ে যায়।’

রেলওয়ে সূত্র জানিয়েছেন, ভারী বৃষ্টিতে চট্টগ্রামের ষোলশহর ও জান আলী হাট স্টেশন এলাকার রেললাইন পানিতে তলিয়ে গেছে। এতে ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় কক্সবাজার-চট্টগ্রাম রেল যোগাযোগ সাময়িক বন্ধ রাখা হয়েছে। যাত্রী ভোগান্তি এড়াতে অগ্রিম কাটা টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দিচ্ছে রেল কর্তৃপক্ষ।

জানা গেছে, গতকাল কক্সবাজার স্টেশন থেকে চট্টগ্রামগামী কোনো ট্রেন ছেড়ে যায়নি। এদিকে গতকাল সকালে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ চট্টগ্রামের ষোলশহরে জলাবদ্ধতায় তলিয়ে যাওয়া রেললাইন পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ‘পানি না কমা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। বৃষ্টি কমে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় এ রুটে ট্রেন চলাচল শুরু হবে। আমরা যাত্রীদের সংকটমুক্ত করতে চাই।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪৭ কিলোমিটার রেললাইন ৫ ফুট উঁচু করতে চাই। তাহলে অতিবৃষ্টি হলেও রেললাইন আর পানির নিচে তলিয়ে যাবে না। ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। এ প্রকল্পটি বর্তমানে টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে। জলাবদ্ধ এলাকাগুলো সরেজমিনে গিয়ে পরিদর্শন করেছি। কোথাও কোথাও হাঁটুপানি জমে আছে।’

চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও মোহরা এলাকার বাসিন্দা শিক্ষিকা হাসিনা আক্তারের বাসার পুরোটাই তলিয়ে গেছে। মঙ্গলবার সকাল থেকে পানিতে থইথই অবস্থা। হচ্ছে না রান্না। শিশু-বৃদ্ধদের নিয়ে বিপাকে পড়েছে পরিবারটি।

নগরের বিভিন্ন এলাকার জলাবদ্ধ পরিবারগুলোর অবস্থাও অভিন্ন। কোথাও রান্না বন্ধ, কোথাও তলিয়ে আছে বাথরুম। কোথাও থাকার রুম রয়েছে পানির নিচে। ফলে বাসিন্দারা পার করছে বন্দিজীবন। সব দিক একাকার ড্রেনের ময়লা ও বৃষ্টির পানিতে।

অতিবৃষ্টির ফলে পাহাড় ধসে দুই স্থানে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর বাগানবাড়ির ৬ নম্বর সমাজ এলাকায় পাহাড় ধসে ১০ মাস বয়সি আশরাফুল ইসলাম তানভীরের মৃত্যু হয়। একই ঘটনায় শিশুর মা লামিয়া আক্তার মাটিচাপা পড়ে আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। লামিয়া ওই এলাকার মঈন উদ্দিনের স্ত্রী।

এদিকে গতকাল দুপুরে নগরের চশমা হিলের মেয়র গলি এলাকায় পাহাড় ধসে সামিয়া ইসলাম (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়। সামিয়া ওই এলাকার বাসিন্দা ফারুক হোসেনের মেয়ে। ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, পাহাড় ধসে চাপা পড়ে শিশুটির মৃত্যু হয়।

Share this news as a Photo Card

আপনার মতামত দিন

Divider Icon
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...
শিরোনাম
টানা বৃষ্টিতে ভোলার কয়েক হাজার মানুষ পানিবন্দি সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি এমপি হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত কোটি টাকার সেতুতে ওঠার ভরসা বাঁশের সাঁকো সকালে কুসুম গরম পানিতে কাঁচা হলুদ ও মধু খাওয়ার উপকারিতা সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯৬, মামলা ৪৬ যুগ্ম-সচিব পদে ১৭৯ উপসচিবকে পদোন্নতি টানা বৃষ্টিতে ভোলার কয়েক হাজার মানুষ পানিবন্দি সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি এমপি হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত কোটি টাকার সেতুতে ওঠার ভরসা বাঁশের সাঁকো সকালে কুসুম গরম পানিতে কাঁচা হলুদ ও মধু খাওয়ার উপকারিতা সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯৬, মামলা ৪৬ যুগ্ম-সচিব পদে ১৭৯ উপসচিবকে পদোন্নতি
09 July 2026

টানা বৃষ্টিতে পানির নিচে চট্টগ্রাম, সীমাহীন দুর্ভোগ

www.deshbangla24.com