এগারো বোতল ভারতীয় তৈরি আইস ভদকা মদসহ নেত্রকোণার দুর্গাপুরে সাব্বির আলম হৃদয় (১৯) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ৩৩ হাজার টাকা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম।
এর আগে, গতকাল (বুধবার) দিবাগত রাতে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হৃদয় দুর্গাপুর উপজেলার লেঙ্গুরা গ্রামের মো. বাবুল মিয়া ও মোছা. নাছিমা খাতুনের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১২টার দিকে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. স্বপন মিয়ার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল ব্রিজ সংলগ্ন বাসস্ট্যান্ডের এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হৃদয় পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়। পরে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ১১ বোতল ভারতীয় তৈরি আইস ভদকা ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুর্গাপুর থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।