ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী একটি বাসের সামনের চাকা বিকট শব্দে ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে সেটি সড়কের পাশে থাকা একটি গাছের সাথে সজোরে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৭ জন বাসযাত্রী গুরুত্বর আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা।
রোববার (১১অক্টোবর) দুপুর ২টার দিকে ঢাকা- বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনা কবলিত বাসের যাত্রীরা জানান, পটুয়াখালী থেকে ঢাকাগামী তাসবীহ পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-৬৬৭২) যাত্রীবাহী বাসটি দূর্ঘটনাস্থল অতিক্রম করার সময় সামনের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেরে। পরে গাছের সাথে সজোরে ধাক্কা লেগে বাসটি পার্শ্ববর্তী খাদে পরে উল্টে যায়। এতে গুরুত্বর আহত ৭ যাত্রীকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।