সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের সদস্য আলতাব হোসেন হত্যা মামলায় প্রধান আসামি জহিরুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে হত্যার পরেরদিন সাভার থানায় হত্যা মামলা করেন নিহতের স্ত্রী। এতে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, যিনি ভিকটিম তার স্ত্রীর কাছ থেকে এজাহার নিয়ে আমরা একটি মামলা রুজু করি। যিনি পিটিয়েছেন তাকে গ্রেপ্তার করেছি। যার গাড়িটা নিয়ে মূলত দ্বন্দ্ব। আমরা জহিরুল নামে একজনকে আটক করি।
পুলিশ বলছে, হত্যার ঘটনায় তদন্ত চলছে। মামলার বাকি আসামিদের ধরতে অব্যাহত আছে অভিযান।
ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, আমরা কাজ করছি। আরও যারা এটার সঙ্গে সম্পৃক্ত তাদের আমরা গ্রেপ্তারের জন্য কাজ চলছে। ইনশাআল্লাহ আমরা খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনব।
এদিকে হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন স্থানীয়রা। তারা বলেন, একজন পুলিশ কর্মকর্তাকেই তারা মেরে ফেলল, তাহলে আমরা সাধারণ মানুষ কিভাবে নিরাপত্তা পাব। খুব দ্রুত যেন সর্বোচ্চ বিচার নিশ্চিত করা হয়। তাহলে এলাকার মানুষ শান্তি পাবে। সুষ্ঠু বিচার হোক সরকারের কাছে আমরা এটা আশা করি।
শনিবার রাতে গাড়ি পার্কিং নিয়ে কথাকাটাকাটির জেরে আলতাব হোসেনকে পিটিয়ে হত্যা করে একদল যুবক। বাবাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে ছোট ছেলে। নিহতের গ্রামের বাড়ি সিরাজগঞ্জে।