ক্যাডার বহির্ভূত (নন-ক্যাডার) ২০ সহকারী সচিব পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী সচিব (নন ক্যাডার) হয়েছেন। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নিজ নিজ বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
তাদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পাশাপাশি সরকারি হাসপাতাল, সরকারি যানবাহন অধিদপ্তর এবং জাতীয় উন্নয়ন প্রশাসন অ্যাকাডেমিতে কর্মরত কর্মকর্তারাও রয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত) গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৪ এর বিধি-৫ অনুযায়ী তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে।
চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা ষষ্ঠ গ্রেডে বেতন পাবেন। এ গ্রেডের বেতন স্কেল ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব, ক্যাডার বহির্ভূত) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করতে হবে। এজন্য তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর সরাসরি বা ই-মেইলে যোগদানপত্র পাঠাবেন।
তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালন করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।