পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ৩৪ শিশু ও এক নারী শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ শিশু আহত হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, আহতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শহরের দির কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন দুর্ঘটনার পর ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন শিশু আটকা পড়ে। তাদের উদ্ধারে অভিযান চলছে।
স্থানীয় লেডি রিডিং হাসপাতাল ৩৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। অন্যদিকে নাসিরুল্লাহ খান বাবর হাসপাতাল একজন শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
লেডি রিডিং হাসপাতালের প্রকাশিত তথ্য অনুযায়ী, সেখানে ৩৩ জনের মরদেহ আনা হয়েছে। তাদের মধ্যে ২৫ বছর বয়সী শিক্ষক সামরিন বিবিও রয়েছেন। হাসপাতালে আনা শিশুদের বয়স ছয় থেকে ১৪ বছরের মধ্যে বলে জানানো হয়েছে।

লেডি রিডিং হাসপাতাল থেকে ১৭ শিশুকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে একজন শিক্ষক ও তিন শিশু এখনো সেখানে চিকিৎসাধীন রয়েছে।
অন্যদিকে নাসিরুল্লাহ খান বাবর মেমোরিয়াল হাসপাতাল জানিয়েছে, সেখানে ৩৩ জন ছাত্রছাত্রীকে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি উদ্ধার অভিযান দ্রুত শেষ করা এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দিও শোক প্রকাশ করে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন।
ঘটনার তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বেসরকারি স্কুল নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে প্রাদেশিক শিক্ষা বিভাগ।
সূত্র: জিও নিউজ