গাজীপুরে শ্রমিক অসন্তোষের আশঙ্কায় ১২টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা মহাসড়কে নামর চেষ্টা করছিল। পরে পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছে। তবে বিক্ষোভ বা সড়ক অবরোধের কোনো ঘটনা ঘটেনি।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরের শিল্পাঞ্চল এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
শ্রমিক অসন্তোষের আশঙ্কায় মহানগরীর কাশিমপুর, জরুন, নাওজোর এবং সদর উপজেলার বাঘেরবাজার, শিরিরচালা ও মেম্বারবাড়ি এলাকার প্রায় ১২টি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার গোল্ডেন রিফিট গার্মেন্টস, শিরিরচালা এলাকার এস এম গার্মেন্টস, এসরোটেক্স পোশাক কারখানা, ভবানীপুর এলাকার এনএজেড গ্রুপের সিএ নিট ওয়্যার, আরএমজি গার্মেন্টস বিডি লিমিটেড এবং মেম্বারবাড়ি এলাকার সিল্কেন সুইং লিমিটেড, কাশিমপুর ও জরুন এলাকায় রিপন নিটওয়্যার এবং আলিম নিটওয়্যার কারখানা।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন বলেন, কাশিমপুর জরুন এলাকায় দুটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে। পরে তারা আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকদের বের করে নিয়ে আসার চেষ্টা করে। এসব ঘটনায় কাশিমপুর, জরুন ও নাওজোর এলাকার ৬টি কারখানা ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।
তিনি আরও বলেন, পাশাপাশি গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার, মেম্বারবাড়ি ও শিরিরচালা এলাকার ৬টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন শিল্পাঞ্চলে পুলিশ মোতায়েন রয়েছে।