গাজীপুর শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে পরিস্থিতি বিবেচনায় ১৬টি কারখানায় রবিবারের জন্য (একদিনের জন্য) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার গাজীপুরে বিভিন্ন কারণে মালিকপক্ষ ১৩টি কারখানা বন্ধ রেখেছে। তবে পরিস্থিতি অনুকূলে আসলে কর্তৃপক্ষ যে কোন সময় এসব কারখানা পুনরায় খুলে দিতে পারবেন। এছাড়াও অপ্রীতিকর ঘটনা এড়াতে রবিবারের জন্য ১৬টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এদিকে রবিবার সকালে কারখানায় কাজে যোগ দিতে এসে কারখানার ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকরা। কারখানা বন্ধের খবরে কাজে যোগ দিতে আসা শ্রমিকদের অনেকেই ফিরে যান। আবার কেউ কেউ দীর্ঘসময় কারখানার সামনে অপেক্ষা করেও কাজের বিষয়ে নিশ্চিত হতে পারেননি।