২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা নেওয়ার সরকারি সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
আদালত বলেছেন, স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি ও পরীক্ষা, দুই পদ্ধতিরই সুবিধা-অসুবিধা রয়েছে। তবে ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধাবীরা সুযোগ পাবে। এছাড়া স্কুলে ভর্তির পদ্ধতি নির্ধারণ সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। এক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করতে চান না।
রোববার (১৫ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. জাহিদ তালুকদার। আদেশের বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘শুনানিতে আদালত পর্যবেক্ষণ দিয়েছেন, লটারি ও ভর্তি পরীক্ষা, দুই পদ্ধতিরই ভালো-মন্দ দিক রয়েছে। তবে পরীক্ষার মাধ্যমে মেধাবীরা ভর্তির সুযোগ পাবে। স্কুলে ভর্তির পদ্ধতি সরকারের নীতিমালার বিষয় হওয়ায় এক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করবেন না। এরপর আদালত রিট আবেদনটি খারিজ করে দেন।’
জাহিদ তালুকদার জানান, হাইকোর্টের লিখিত আদেশ পাওয়ার পর তা পর্যালোচনা করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে, ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত ৭ অক্টোবর হাইকোর্টে রিটটি দায়ের করা হয়।
মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ সংগঠনটির পক্ষে এ রিট করেন। এতে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং অধিদপ্তরের সংশ্লিষ্ট উপসচিবকে বিবাদী করা হয়।
রিটের পক্ষে আইনজীবী জাহিদ তালুকদার এর আগে জানিয়েছিলেন, ২০২১ শিক্ষাবর্ষ থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে পরীক্ষা পদ্ধতির পরিবর্তে ডিজিটাল লটারি চালু করে সরকার। তবে বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়।
গত ১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ সিদ্ধান্তের কথা জানান। একই দিন শিক্ষা মন্ত্রণালয় লটারি পদ্ধতি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। পরে সংশোধিত প্রজ্ঞাপনে জানানো হয়, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়া হবে। শুধু প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
রিটে বলা হয়, লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্তের ফলে শিশুদের ওপর বাড়তি মানসিক চাপ তৈরি হবে। পাশাপাশি কোচিং ও প্রাইভেট টিউশনের প্রবণতা বাড়বে। এতে শিক্ষার বাণিজ্যিকীকরণ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।
আইনজীবীর দাবি, ভর্তি পরীক্ষার প্রচলন হলে আর্থিকভাবে সচ্ছল পরিবারের শিশুরা কোচিং ও গৃহশিক্ষকের সহায়তা নিয়ে এগিয়ে থাকবে। অন্যদিকে দরিদ্র পরিবারের শিশুদের পক্ষে এসব ব্যয় বহন করা কঠিন হবে। ফলে শিক্ষার সুযোগ পাওয়ার ক্ষেত্রে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য তৈরি হতে পারে। এসব যুক্তিতেই ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করা হয়েছিল।